প্রিন্ট এর তারিখঃ Feb 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
মতলবে ছেলেকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর বাবা

চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মো. আশরাফুল(২৫) নামক মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর আহিজল মুন্সি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়া গ্রামের আশরাফুলের বাবা আহিজুল মুন্সি মতলব দক্ষিণ থানায় ছেলেকে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আশরাফুলের বাবা আহিজুল মুন্সি অভিযোগ করে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল।নেশাগ্রস্ত মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করে। এ বিষয়ে একাধিকবার ছেলেকে সতর্ক করা হলেও কিছুদিন যেতে না যেতেই সে পুনরায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। তার এমন আচরণের ধারাবাহিকতায় আমার এবং আমার আত্মীয় স্বজনের মান সম্মানের হানি ঘটেছে। লজ্জায় ছেলের জন্য সমাজে মুখ দেখাতে পারি না। প্রায় সময় সমাজের লোকদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য আজ নিজের ছেলেকে পুলিশ দিতে বাধ্য হয়েছি।
স্থানীয়রা জানায়, চরি,মাদকসহ বিভিন্ন অপকর্মের জন্য আশরাফুলের একাধিকবার সামাজিকভাবে সালিশি হয়েছে। বাহির থেকে এলাকায় লোক এনে বিভিন্ন অপকর্ম করে আসছিল সে। ১৮ ফেব্রুয়ারি রাতে এই ছেলে আরও দুইজনকে সাথে নিয়ে এলাকার এক ব্যবসায়ীর দোকানে চুরি করেছে। আশরাফুলের অত্যাচারে এলাকায় শান্তি ছিল না। ছেলের জন্য তার পরিবারও একাধিকবার অপমান হয়েছে। অবশেষে তার বাবা অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে ছেলেকে সোপর্দ করেছে।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, চুরি মামলার আসামি ছেলেকে তার বাবা নিজে থানায় এসে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মতলব সংবাদ